ঢাকা রেসিডেনসিয়াল মডেলে টেক কার্নিভাল শুরু
বৃহস্পতিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শুরু হয়েছে "আইসিটি ডিভিশন প্রেজেন্টস্ ৬ষ্ঠ ডিআরএমসি পেট্রোমেক্স রিফাইনারী লিমিটেড ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল- ২০২৩"। তিনদিনব্যাপী এ কার্নিভালে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়েবসাইট ডিসপ্লে, লাইন ফলোয়িং রোবট, লোগো ডিজাইন, টেক আর্টিকেল রাইটিং, ইত্যাদি ইভেন্টে দেশের তিন শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এছাড়াও আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও ১০টি স্টার্টআপ এবং মেধাবী শিক্ষার্থীদের শতাধিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।
সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প-এর প্রকল্প পরিচালক মোঃ আলতাফ হোসেনকে সঙ্গে নিয়ে কার্নিভালের উদ্বোধন করেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের সিনিয়র পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী, কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস, পরামর্শক মোঃ মোমেনুল ইসলাম, ডিআরএমসি এর কলেজের ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, আইসিটি বিভাগের প্রভাষক এবং কার্নিভালের আহ্বায়ক রাসেল আহমেদ, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকমন্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
টেক কার্নিভাল উদ্বোধনের পর ‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়ক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
এবারের টেক কার্নিভালের ইনোভেশন এক্সপো ২০২৩ এর আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর আইডিয়া প্রকল্প।
স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে নবীনদের উৎসাহিত করতেই এই তিনদিনব্যাপী টেক কার্নিভাল এর আয়োজন। আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার তিনদিনব্যাপি এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।





